ঝুঁকিপূর্ণ দাবি করে মৌখিক অনুমতিতে গাছ অপসারণ, লিখিত অনুমোদন প্রক্রিয়াধীন বলে দাবি ওসির
পাবনার ফরিদপুর থানায় লিখিত অনুমোদনের আগেই মেহগনি গাছ কাটার অভিযোগ, ব্যাখ্যা দিলেন ওসি
- আপডেট সময় : ০৬:৫৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

পাবনার ফরিদপুর থানার প্রধান ফটকের পাশ থেকে দুটি মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। লিখিত সরকারি অনুমোদন সম্পন্ন হওয়ার আগেই গাছ অপসারণের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই ফরিদপুর থানার প্রধান প্রবেশপথের পাশে থাকা দুটি মেহগনি গাছ কেটে ফেলা হয়। এরপর থেকেই সরকারি সম্পদ ব্যবস্থাপনায় যথাযথ দাপ্তরিক অনুমোদন অনুসরণ করা হয়েছে কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার ওসি মো. ফয়েজ উদ্দিন বলেন, গাছ দুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল এবং যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তিনি জানান, বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মৌখিকভাবে আলোচনা করা হয় এবং ফরিদপুরের বন কর্মকর্তা সরেজমিনে পরিদর্শনের পর মৌখিকভাবে গাছ অপসারণের অনুমতি দেন।
ওসি আরও বলেন, লিখিত অনুমোদনের জন্য আবেদন ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাটা গাছ সরকারি বিধি অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিক্রি করা হবে এবং সরকার নির্ধারিত নিয়মে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর বন কর্মকর্তা মো. মর্তুজা বলেন, গাছ দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অপসারণের অনুমতি দেওয়া হয়েছে। লিখিত অনুমোদনের আগে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের ক্ষেত্রে সরকারি নির্দেশনা (প্রজ্ঞাপন) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্ট সরকারি বিধি অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানের গাছ অপসারণের ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং সরকারি সম্পদের হিসাব সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের দাবি, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। একই সঙ্গে সরকারি সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, আইনানুগ প্রক্রিয়া এবং জনআস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।



















