সম্পদের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে ৭টিই চীনের; তবে লাভজনকতায় এখনো এগিয়ে মার্কিন ব্যাংকগুলো।
বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় চীনের দাপট, প্রথম ৪ স্থানই দখলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- আপডেট সময় : ০৩:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | ১২ জুলাই ২০২৬:
বিশ্বের বৃহত্তম ব্যাংকগুলোর তালিকায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছে চীন। সম্পদের পরিমাণ ও মূলধনের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের মধ্যে ৭টিই এখন চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আন্তর্জাতিক আর্থিক সাময়িকী The Banker-এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের চারটি বৃহত্তম ব্যাংকই চীনের। এগুলো হলো—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (ICBC), চায়না কনস্ট্রাকশন ব্যাংক, অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না এবং ব্যাংক অব চায়না। তালিকার পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের জেপিমরগান চেজ।
এবার প্রথমবারের মতো পোস্টাল সেভিংস ব্যাংক অব চায়না বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপ যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম অবস্থানে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তালিকাভুক্ত চীনা ব্যাংকগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৫৪.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। একই তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার, যা চীনের তুলনায় অর্ধেকেরও কম।
তবে সম্পদের দিক থেকে এগিয়ে থাকলেও লাভজনকতার ক্ষেত্রে এখনো এগিয়ে রয়েছে মার্কিন ব্যাংকগুলো। বিশ্বের শীর্ষ এক হাজার ব্যাংকের মধ্যে চীনা ব্যাংকগুলোর সম্মিলিত কর-পূর্ব মুনাফা ৩৯২ বিলিয়ন মার্কিন ডলার হলেও আয়, দক্ষতা ও বিনিয়োগে রিটার্নের ক্ষেত্রে মার্কিন ব্যাংকগুলো তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে।
বিশ্লেষকদের মতে, চীনের ব্যাংকিং খাতের এই অগ্রগতি দেশটির দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের অংশ। আন্তর্জাতিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বৃদ্ধি, বিকল্প আন্তসীমান্ত অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় নিজেদের প্রভাব আরও বাড়াতে কাজ করছে বেইজিং।
The Banker-এর প্রধান সম্পাদক সিলভিয়া পাভোনি বলেছেন, আন্তর্জাতিক পরিসরে চীনা ব্যাংকগুলোর সম্প্রসারণ এবং ইউয়ানের আন্তর্জাতিকীকরণ ভবিষ্যতে তাদের প্রবৃদ্ধি ও মুনাফা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও চীনের ব্যাংকিং খাত আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সূত্র: The Banker, The Star




















