ট্রুথ সোশ্যালে এডিট করা ছবি পোস্ট করে ব্যঙ্গ, জি-৭ বিতর্কের পর ন্যাটো সম্মেলনের আগে নতুন উত্তেজনা
ট্রাম্পের নতুন খোঁচা: ‘মেলোনির কাছে ঘেঁষায় নিষেধাজ্ঞা প্রয়োজন’, ন্যাটো সম্মেলনের আগে উত্তেজনা
- আপডেট সময় : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ন্যাটো সম্মেলনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পাদিত (এডিট করা) ছবি পোস্ট করে ট্রাম্প মেলোনিকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
রোববার (৫ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি সম্পাদিত ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, মেলোনি হাসিমুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, “Restraining Order Needed” (কাছে ঘেঁষার বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন)। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে, ইতালির প্রধানমন্ত্রী নাকি তার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন।
ট্রাম্পের এই পোস্ট আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে দুই নেতার সম্ভাব্য বৈঠকের আগে এমন মন্তব্যকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, জি-৭ সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি বারবার অনুরোধ করেছিলেন। তবে ইতালির প্রধানমন্ত্রী সেই দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।
মেলোনি বলেন, “ইতালি এবং আমি কখনোই কারও কাছে ভিক্ষা চাই না। আমি পশ্চিমা বিশ্বের ঐক্যে বিশ্বাস করি এবং স্পষ্টভাষী রাজনীতিতে আস্থা রাখি।”
ট্রাম্পের বক্তব্যের পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হয়।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক অবস্থানে ইতালির অনীহা প্রকাশের পর থেকেই ট্রাম্প ও মেলোনির সম্পর্কের অবনতি শুরু হয়।
যদিও উভয় দেশ ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য, তবুও সাম্প্রতিক এই বাকযুদ্ধ ট্রান্স-আটলান্টিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, ন্যাটো সম্মেলনে দুই নেতার বৈঠক এই উত্তেজনা কমাবে নাকি আরও বাড়াবে—সেদিকে নজর থাকবে বিশ্ব রাজনীতির।
সূত্র: এনডিটিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম




















