হাওরাঞ্চলের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাড়ছে স্থানীয়দের প্রত্যাশা
দুই প্রতিমন্ত্রীর হাওর সফর শুক্রবার: মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ীতে পথসভা ও পোনা মাছ অবমুক্তকরণ, উৎসবের আমেজ
- আপডেট সময় : ১১:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আগমনকে কেন্দ্র করে নেত্রকোণার হাওরাঞ্চলের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় নেতা, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে শুক্রবার (৩ জুলাই) তারা বিভিন্ন পথসভা, পোনা মাছ অবমুক্তকরণ এবং অবকাঠামো পরিদর্শন কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়নের লক্ষ্য সামনে রেখে এ সফরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে যোগাযোগ অবকাঠামো, বিশেষ করে রেল ও সড়ক ব্যবস্থার উন্নয়নের বিষয়েও স্থানীয়দের প্রত্যাশা রয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টায় মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্ত করবেন দুই প্রতিমন্ত্রী।
পরে তারা খালিয়াজুড়ী উপজেলা সদরের কলেজ মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন এবং মরা ধনু নদীতে পোনা মাছ অবমুক্ত করবেন। সফরের শেষ পর্যায়ে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ট্রলারঘাটে পথসভায় অংশগ্রহণের পাশাপাশি ডিংগাপুতা হাওরে পোনা মাছ অবমুক্ত করবেন। এরপর মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
দুই প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মদনের উচিতপুর গ্রামের লাহুত মিয়া ও সানাউল্লাহ, খালিয়াজুড়ী সদরের পলিন মিয়া এবং মোহনগঞ্জের তেতুলিয়া গ্রামের সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘদিন পর একসঙ্গে দুই প্রতিমন্ত্রীর সফর হাওরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, “দুই প্রতিমন্ত্রীর এই সফর হাওরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে তাদের অংশগ্রহণ স্থানীয় মানুষের প্রত্যাশাকে আরও শক্তিশালী করবে।”
স্থানীয়দের মতে, কৃষি, মৎস্য, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের উচ্চপর্যায়ের নজরদারি ও কার্যকর উদ্যোগ বাড়লে নেত্রকোনার হাওরাঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি সম্ভব হবে।



















