ডিউটিরত অবস্থায় রাইফেল দিয়ে গুলি; ঘটনাস্থলেই মৃত্যু, কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ
খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত কনস্টেবলের আত্মহত্যা, তদন্তে পুলিশ
- আপডেট সময় : ০৭:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

খুলনা, ১৮ এপ্রিল ২০২৬: খুলনা রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে গুলি করে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ লাইনের অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান গণমাধ্যমকে জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
এদিকে, সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের এক বন্ধু আবেগঘন পোস্টে জানান, পেশাগত জীবনে সাহসী হলেও ব্যক্তিগত জীবনে তিনি মানসিকভাবে চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


























