মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মারুফ হোসেনের প্রতিবাদ
মিথ্যা অভিযোগের প্রতিবাদে ‘জীবন তরী’ সংস্থার পরিচালক মারুফ হোসেনের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ‘জীবন তরী সমাজকল্যাণ সংস্থা’র পরিচালক মো: মারুফ হোসেন। তিনি দাবি করেছেন, একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত সুনাম ও প্রতিষ্ঠানের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মারুফ হোসেন জানিয়েছেন, তার প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের সহায়তায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের অধীনে প্রতি তিন মাসে ৩৫০ জন বেকারকে প্রশিক্ষণ দেয়। গত বছরের মে মাসে সোনিয়া জামান নামে এক নারী বিউটিফিকেশন লেভেল-৩ কোর্সে ভর্তি হন। চূড়ান্ত পরীক্ষায় সোনিয়া অকৃতকার্য হন, যা সরাসরি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) পরিচালিত হয়।
মারুফ হোসেন অভিযোগ করেন, পরীক্ষায় ফেল করার পর সোনিয়া জামান তাকে পাশ করানোর অনৈতিক অনুরোধ করেন। অনুরোধ না মানায় প্রায় ৭ মাস পরে সোনিয়া এবং তার স্বামী বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
তিনি আরও জানান, এই চক্রে কাশিয়াডাঙ্গা থানার বরখাস্ত পুলিশ সদস্যের স্ত্রী সীমা খাতুন জড়িত রয়েছেন। সীমা খাতুন বিভিন্ন সময় ফোন ও টিকটকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
ডিরেক্টর মারুফ হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে সমাজসেবা অধিদপ্তর ইতিমধ্যে তদন্ত সম্পন্ন করেছে এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রভাবশালী মহল রাজনৈতিক চাপ দিয়ে তদন্ত প্রতিবেদন পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে।
তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক। লেভেল-২ পরীক্ষায় পাশ করা সত্ত্বেও লেভেল-৩ তে অকৃতকার্য হওয়ার পরেই ষড়যন্ত্র শুরু হয়েছে।”
সংবাদ সম্মেলনে সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।























