চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে হাসপাতাল চত্বরে প্রতিবাদ
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি
- আপডেট সময় : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ঢাকা, সিলেট, রংপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন ডক্টরস সোসিটির ব্যানারে এ কর্মবিরতি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি তৌকির আহমেদ।
কর্মবিরতির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধনে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকেরা। মানববন্ধন শেষে তারা হাসপাতালের পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— সুচিকিৎসা নিশ্চিত করতে রোগীর সঙ্গে আগত অতিরিক্ত স্বজন বা অ্যাটেনডেন্ট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অ্যাটেনডেন্ট কার্ড ছাড়া বহিরাগতদের হাসপাতালে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং প্রতিটি ওয়ার্ডে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন।
এছাড়াও দায়িত্ব পালনে ব্যর্থ আনসার সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পুলিশ ও আনসারের সমন্বয়ে একটি বিশেষ ‘র্যাপিড রেসপন্স টিম’ গঠন, পূর্বে সংঘটিত সকল হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে ছড়ানো অপপ্রচারমূলক ভিডিও অপসারণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।




























