জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন গোলাপগঞ্জের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিলেটের গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত মোঃ জিন্নুর আহমদ চৌধুরী
- আপডেট সময় : ০৮:৪৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী।
উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করা হয়। অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একাধিক সরকারি বরাদ্দ আনা হয়েছে এবং বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি পাঠদান কার্যক্রমে নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে মোঃ জিন্নুর আহমদ চৌধুরী বলেন,
“আমি সারা জীবন মানুষের উপকার করতে চাই। হাজার হাজার ছাত্রকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। মরার আগের দিন পর্যন্ত মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আমার স্বপ্ন ছিল একদিন আমি একজন আদর্শ প্রধান শিক্ষক হব। আগামী দিনগুলোতে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু চমক দেখাতে চাই।”






















