প্যান্টের পকেটে মোবাইল রাখার অভ্যাস বাড়াচ্ছে ক্যানসার, হৃদরোগ ও যৌন সমস্যার ঝুঁকি
প্যান্টের পকেটে ফোন রাখছেন? জেনে নিন শরীরের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
- আপডেট সময় : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের অন্যতম প্রয়োজনীয় প্রযুক্তি হলো মোবাইল ফোন। দৈনন্দিন জীবনে যোগাযোগ, কাজ ও বিনোদনের জন্য প্রায় সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। হাতে না থাকলে অনেকেই অভ্যাসবশত প্যান্টের পকেটে মোবাইল রেখে চলাফেরা করেন। কিন্তু এই সাধারণ অভ্যাসই যে দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা অনেকেই জানেন না।
বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোন থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানবদেহের কোষ ও ডিএনএ-এর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্যান্টের পকেটে ফোন রাখলে শরীর সরাসরি এই বিকিরণের সংস্পর্শে আসে, যা ধীরে ধীরে স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
হেলথসাইট ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় মোবাইল ফোন শরীরের কাছে রাখলে মানসিক চাপ, ব্রেন টিউমারসহ বিভিন্ন জটিল রোগের আশঙ্কা বাড়তে পারে।
বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। অস্ট্রিয়া ও মিশরের চিকিৎসকদের যৌথ গবেষণায়, যা সেন্ট্রাল ইউরোপিয়ান জার্নাল অব ইউরোলজিতে প্রকাশিত, সেখানে বলা হয়েছে— প্যান্টের পকেটে মোবাইল রাখার কারণে ইরেক্টাইল ডিসফাংশন বা যৌন সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। গবেষণায় দেখা যায়, ছয় বছরের মধ্যে প্রথম গ্রুপের ২০ জন পুরুষ যৌন সমস্যায় ভুগেছেন, যেখানে দ্বিতীয় গ্রুপে এমন সমস্যা তুলনামূলকভাবে কম ছিল।
এছাড়া মোবাইল বিকিরণের কারণে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে। কানাডিয়ান জার্নাল অফ কার্ডিওলজিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, নিয়মিত মোবাইল ফোন ব্যবহারের ফলে হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব না হলেও কিছু সতর্কতা অবলম্বন করলে ক্ষতির ঝুঁকি কমানো যায়। যেমন— ফোন পকেটে না রেখে ব্যাগ বা পার্সে রাখা, সংবেদনশীল অঙ্গের কাছ থেকে দূরে রাখা এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় ফোন শরীরের সঙ্গে লাগিয়ে না রাখা।
স্বাস্থ্য সচেতনতার জন্য আজই প্যান্টের পকেটে ফোন রাখার অভ্যাস বদলানো জরুরি। ছোট্ট পরিবর্তনই ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে পারে।






















