নদীপথে চাঁদাবাজি বন্ধে নৌ-পুলিশের অভিযান, জব্দ ইঞ্জিনচালিত নৌকা ও নগদ টাকা
তেতুলিয়া নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি: ভোলার বিএনপি নেতার ভাইসহ আটক ৫
- আপডেট সময় : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে পাথরবাহী একটি বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়ের সময় ভোলার বিএনপি নেতার ভাইসহ পাঁচজনকে হাতেনাতে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের তেতুলিয়া নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ জানায়, তেতুলিয়া নদী দিয়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বালু, সিমেন্ট, পাথর ও কয়লা বোঝাই বাল্কহেড চলাচল করে। দীর্ঘদিন ধরে আটককৃতরা এসব বাল্কহেড থেকে প্রতিদিন ৫০০ থেকে ১ হাজার টাকা করে নিয়মিত চাঁদা নিত। এমন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ স্টেশনের নৌ-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ আরও জানায়, চাঁদা না দিলে তারা ভয়ভীতি দেখাতেন, হুমকি দিতেন এবং বাল্কহেডের চলাচল বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দিতেন। বিশেষ করে তেতুলিয়া, মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর বিভিন্ন স্পটে নৌকা নিয়ে চাঁদা তুলতেন তারা।
আটককৃতরা হলেন—ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবদুর রহমান (খান সাহেব হাজারী) এর ছোট ভাই জাকির হোসেন, একই ইউনিয়নের রাছেল, আলামিন, হোসেন ও নিরব। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নম্বর—০৭, তারিখ ১০-১২-২০২৫, ধারা ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৪ পেনাল কোড।
কালীগঞ্জ নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, চাঁদাবাজির সময় পাঁচজনকে ধাওয়া করে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ও নগদ ৬ হাজার ৯শ টাকা জব্দ করা হয়। নৌপথকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।























