১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রামেকে টানা তৃতীয় দিনের কর্মবিরতি
রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কমপ্লিট শাটডাউন কর্মবিরতি, ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উত্তেজনা
- আপডেট সময় : ০৪:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মবিরতি চলতে থাকায় হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। টেকনোলজিস্ট ছাড়া কোনো চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন হয় না। স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বৈষম্যের কারণে নিয়োগ প্রক্রিয়াতেও প্রভাব পড়েছে। দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।”
বক্তারা আরও বলেন, “আমরাই একমাত্র সরকারি চাকরিজীবী যারা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব আদায়ে সহায়তা করি। কর্মবিরতির কারণে যদি রোগী ক্ষতিগ্রস্ত হন বা মৃত্যু ঘটে—তাহলে এর দায় নিতে হবে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে।”
হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ জানান, “অবিলম্বে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় পূর্ণাঙ্গ শাটডাউন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো, যা দেশের চিকিৎসা ব্যবস্থা স্থবির করে দেবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
মোঃ জহুরুল ইসলাম (সভাপতি, এম-ট্যাব, আঞ্চলিক জেলা কমিটি, রাজশাহী),
অসীম কুমার ঘোষ (যুগ্মসচিব, এম-ট্যাব, কেন্দ্রীয় সংসদ),
মোঃ রেজাউল করিম টুটুল (সদস্য, এম-ট্যাব, কেন্দ্রীয় সংসদ),
মোঃ খোরশেদ আলম (সহ-সভাপতি, এম-ট্যাব, আঞ্চলিক জেলা কমিটি),
মোঃ মিনহাজুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক, এম-ট্যাব, আঞ্চলিক কমিটি),
সাঈদ আহমেদ বিদ্যুৎ (উপদেষ্টা, এম-ট্যাব, আঞ্চলিক কমিটি),
মোঃ মামুনুর রশীদ (সভাপতি, এমটিএফ, রাজশাহী),
মোঃ সাইদুর রহমান (ফার্মাসিস্ট, রামেক)।
এদিকে কর্মবিরতির ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম হয়রানিতে পড়েন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমাধানের জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




























