শিশুদের পুষ্টি ও সুস্থ জীবনযাপনের জন্য দুধ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা
কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শিশুদের জন্য স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বিশেষ “স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি” ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০শে নভেম্বর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং এলডিডিপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি সম্পন্ন হয়।
কর্মসূচির আওতায় সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এবং গাবেরতল হুফ্ফাজুল কোরআন জিয়া উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ২০০ মিলিলিটার প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। শিশু শিক্ষার্থীরা দুধ হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে, পাশাপাশি শিক্ষক ও অভিভাবকেরাও এই উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিশুদের পুষ্টি, দুধের গুণাগুণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশে দুধের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাগরিকা কার্জ্জী, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. সায়েদুজ্জামান খোরশেদ, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট আব্দুর রহিম, লাইভস্টক ফিল্ড এসিস্ট্যান্ট রেজওয়ানুল ইসলাম, সোনারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজিনা সুলতানা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
ডাঃ সাগরিকা কার্জ্জী বলেন, “দুধের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে দুধের ভূমিকা এবং সুস্থ জীবনযাপনে দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা আমাদের মূল লক্ষ্য। এই আয়োজন সেই লক্ষ্য পূরণে সহায়ক।”























