আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কুমিল্লা শহর ও মহাসড়কে র্যাব-১১ এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম
কুমিল্লায় র্যাবের নিরাপত্তা জোরদার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট ও টহল বৃদ্ধি
- আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

এ.কে.পলাশ,কুমিল্লা প্রতিনিধিঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) থেকে র্যাব-১১ এর উদ্যোগে মহাসড়ক ও শহরের আশপাশের এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র্যাব সূত্র জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা করবেন। এ সময় সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়াও জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক ও উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, অতীতেও র্যাব চাঞ্চল্যকর অপরাধী, তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে সফল ভূমিকা রেখে সুনাম অর্জন করেছে।






















