চেক-আউটের সময় পার হওয়ায় সন্দেহ, জানালা দিয়ে দেখা যায় ঝুলন্ত দেহ
রাজশাহীর হোটেল কক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর নিউমার্কেট এলাকার ‘ওয়ে হোম’ নামে একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় তার দেহ।
মৃত সবুজ কুমার অধিকারীর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবা বিমল চন্দ্র অধিকারী। সবুজ বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শুক্রবার ‘ওয়ে হোম’ হোটেলের একটি কক্ষে ওঠেন এবং শনিবার তার চেক-আউট করার কথা ছিল।
বোয়ালিয়া থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, চেক-আউটের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সবুজ দরজা না খুললে হোটেল কর্মীরা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তারা ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।






















