আশাশুনিতে জাতীয় সমবায় দিবসে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

আশাশুনি (সাতক্ষীরা):
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রভাষক জাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উত্তম কুমার মন্ডল এবং বাইবেল পাঠ করেন ক্রিস্টিনা।
ভারপ্রাপ্ত সমবায় অফিসার সন্ন্যাসী কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোমিন আহমেদ, প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য সচিব আকবার হোসেন, আইডিয়াল স্কুলের শিক্ষক সুব্রত কুমার বাছাড় প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অংশগ্রহণভিত্তিক টেকসই অর্থনৈতিক আন্দোলন, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই সমবায় খাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে উপজেলার ৯টি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।














