নোয়াখালীতে র্যাবের হাতে ধরা কুখ্যাত চাঁন্দা ডাকাত — এলাকাবাসীর স্বস্তি
নোয়াখালীর সুবর্ণচরে র্যাবের অভিযানে কুখ্যাত চাঁন্দা ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
- আপডেট সময় : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী চাঁন মিয়া ওরফে চাঁন্দা ডাকাতকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চাঁন্দা ডাকাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের বাসিন্দা, আব্দুল বাতেনের ছেলে এবং মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারের ভাই।
র্যাব জানায়, চাঁন্দা ডাকাত দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে নিরীহ লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চাঁন্দা ডাকাতের বাহিনী নির্বিচারে চাঁদাবাজি, খামারের গরু-মহিষ ও মাছ লুট করে হাতিয়ে নেয় কোটি টাকা। একইসাথে মাদক ব্যবসার নিয়ন্ত্রণও নেয় তারা।
মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, চাঁন্দা ডাকাত বাহিনী ও ফারুক বাহিনী স্থানীয় জনগণের কাছ থেকে জুলুম, নির্যাতন ও লুটপাট চালিয়ে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতা তোতলা বাহিনী মাদক ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যে।
বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, “চাঁন্দা ডাকাত ও ফারুক মাঝি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর খামার থেকে ২০টি মহিষ, ২৬টি গরু ও কোটি টাকার মাছ লুট করেছে। প্রাণভয়ে কেউ বাধা দিতে পারেনি।”
গ্রেপ্তারের বিষয়ে চাঁন্দা ডাকাতের ভাই ও যুবদল নেতা দিদার বলেন, “আমার ভাই নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।”
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চরজব্বর ও হাতিয়া থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”














