চট্টগ্রামের বাঁশখালীতে র্যাব ও সেনাবাহিনীর অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও ১০ কার্তুজ উদ্ধার, দুই আসামি আটক
বাঁশখালীতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক দুই আসামি
- আপডেট সময় : ০৭:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসাথে অর্ধ ডজন মামলার আসামি আবুল হাসান (৫০) ও শওকত ইসলাম (৩২) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্রে জানা যায়, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে সেনাবাহিনী ও র্যাবের একটি যৌথ টিম অভিযান চালায়। সরল ইউনিয়নের দুইটি প্রভাবশালী গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে দেশীয় অস্ত্রের ব্যবহার বেড়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নুরুল কবির গ্রুপের দুই সদস্য—আবুল হাসান ও শওকত ইসলামকে গ্রেপ্তার করা হয়। আবুল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং শওকত ইসলামের নামে একটি হত্যাচেষ্টার মামলা চলছে।
তল্লাশিকালে ১নং ওয়ার্ড এলাকায় বেওয়ারিশ অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও দুই আসামিকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সরল ইউনিয়নে অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।














