তেরখাদিয়া ও সপুরা এলাকায় র্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ মোবাইল কোর্ট অভিযান
রাজশাহীতে রাস্তা আটকে ইট-বালি রাখায় ৪ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ১১:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহী, ১১ আগস্ট ২০২৬: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সাধারণ চলাচলের রাস্তা আটকে ইট, বালি ও ইটের খোয়া রাখার অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যৌথ মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে র্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট আইন অমান্য করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। অভিযানে তাঁর সঙ্গে র্যাব-৫-এর সদর কোম্পানি, রাজশাহীর একটি দল অংশ নেয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব এবং রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীর রাস্তাঘাট সবার চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখা বা রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।














