আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শিক্ষার্থী গোষ্ঠীর সংঘর্ষে চারজন আহত, তদন্ত কমিটি গঠন করবে কলেজ কর্তৃপক্ষ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, আতঙ্কে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এসময় একপক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র প্রদর্শন করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলেজের কান্দিরপাড় এলাকার উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এতে কলেজ শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন— মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সিফাত তার বন্ধুদের ডেকে এনে হামলা চালায়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ হাতে ধারা
লো রামদা নিয়ে দৌড়াচ্ছে, অন্যদিকে আরেকজনের হাতে পিস্তলও দেখা গেছে।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনকে জানানো হয়েছে।”
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”






















