মেঘনা-গোমতী টোল প্লাজায় বিশেষ অভিযানে গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা, জব্দ যানবাহন
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১
- আপডেট সময় : ০৯:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক হন মো. রুবেল (২৯)। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

















