উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
কটিয়াদী উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আরিফুর রহমান কাঞ্চন, তুলে ধরলেন উন্নয়নের অঙ্গীকার
- আপডেট সময় : ০৩:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

আসন্ন কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সরগরম আলোচনা চলছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিক্ষাবিদ ও সমাজসেবক আরিফুর রহমান কাঞ্চনের নাম আলোচনায় রয়েছে।
আরিফুর রহমান কাঞ্চনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত হলে কটিয়াদী উপজেলাকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।
তিনি জানান, তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে ছাত্রদলের মাধ্যমে। পরবর্তীতে তিনি থানা ছাত্রদল, উপজেলা যুবদল এবং উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
তার দাবি, রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, কারাবরণ ও নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে এসব বাধা অতিক্রম করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন, তার মধ্যে রয়েছে—
গ্রামীণ সড়ক, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন।
মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি।
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং ইতিবাচক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।
স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন উপজেলা প্রশাসন গড়ে তোলা।
যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ।
আরিফুর রহমান কাঞ্চন বলেন, “জনগণের সমর্থন পেলে কটিয়াদী উপজেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
এদিকে, তার সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি উপজেলা চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারিত হবে।



















