বিশ্ব মাদকবিরোধী দিবসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চৌমুহনী শহরে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত
বিশ্ব মাদকবিরোধী দিবসে চৌমুহনীতে জামায়াতের যুব বিভাগের র্যালি, মাদক প্রতিরোধে জনসচেতনতার আহ্বান
- আপডেট সময় : ১০:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

চৌমুহনী, নোয়াখালী | ২৬ জুন ২০২৬ : বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে চৌমুহনী বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর যুব বিভাগের সভাপতি মো. নুর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল বলেন, “মাদকাসক্তির কারণে সমাজে খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন নুর হোসাইন, আমির হোসেন, ওসমান গনি, গোলাম রাব্বানী ইমনসহ স্থানীয় নেতাকর্মীরা।
র্যালিটি চৌমুহনীর কাছারি বাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পশ্চিম বাজারের ডেল্টা গেট হয়ে বড়পোল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগই যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।














