মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ট্রাইব্রেকারে শন্তা র্যাপটার্সকে হারিয়ে শিরোপা জিতল ফতেপুর ফাইটার্স
পাঁচবিবিতে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন ফতেপুর ফাইটার্স
- আপডেট সময় : ০৮:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

“মাদকে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর জমকালো ফাইনাল ম্যাচ।
মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার আওলাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শন্তাগুড়নি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তৌহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ওবাইদুর রহমান আলম, শাইলট্রি বিএম কলেজের প্রভাষক মো. মজিবুর রহমান, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি, ইউপি সদস্য হাম্মদ আলী, যুবনেতা আতিকুর রহমান আতিক এবং টুর্নামেন্ট সমন্বয়ক সেলিম।
ফাইনাল ম্যাচে শন্তা র্যাপটার্স ফুটবল একাদশ ও ফতেপুর ফাইটার্স মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারে শন্তা র্যাপটার্সকে ৭-৬ গোলে পরাজিত করে ফতেপুর ফাইটার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে একই মাঠে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডোলপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে চাটখুর ফুটবল একাদশকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
খেলা পরিচালনা করেন জাকির হোসেন। তাকে সহযোগিতা করেন আব্দুল মান্নান ও মহিন। ধারাভাষ্য প্রদান করেন মো. মিজানুর রহমান মিজান।
স্থানীয় তরুণদের মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।














