দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জেলা গড়ার প্রত্যয় প্রধান অতিথির
চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাই — নূরুল ইসলাম বুলবুল
- আপডেট সময় : ১১:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এর আয়োজনে কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি মোহা. লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুল। কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর নবনির্বাচিত সভাপতি আবদুল ওদুদ, সাধারণ সম্পাদক আবু হাসিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি-র রাজশাহী অঞ্চলের সহকারী জোন প্রধান মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা দেয়। ব্যক্তি জীবনে আল্লাহভীতি জাগ্রত করার পাশাপাশি সমাজ জীবন থেকে অন্যায় ও বেহায়াপনা দূর করার শিক্ষা দেয় রমজান।
তিনি বলেন, “সমাজের অশান্তি দূর করে একটি মানবিক রাষ্ট্র গঠনে রমজানের শিক্ষার তুলনা নেই। এই শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে।”
চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “জেলার সার্বিক উন্নয়ন ও কল্যাণে দলমত নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।






















