বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার মামলার আসামি, বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক
নরসিংদী জেলা ছাত্রলীগের সেক্রেটারি শাহ জালাল শাওন দুবাই পালানোর সময় গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। জানা গেছে, দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
শাহ জালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি ও হত্যার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়ে তার ভাই ইমরান মাহমুদ বলেন, “পারিবারিক ব্যবসার কাজে আজ সকালে আমার ভাই দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পারি। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
এ বিষয়ে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওনের গ্রেপ্তারের বিষয়ে আমরা খবর পেয়েছি। এ বিষয়ে নিশ্চিত হতে আমাদের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”
শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াচল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।






















