সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মদনে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
মদনে শিক্ষার্থীদের মাঝে ফলদ-বনজ-ঔষধি গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত পাঁচ বছর মেয়াদি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে মদন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এ সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম, মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “একটি গাছ, একটি প্রাণ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতেই শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
চারা বিতরণকালে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় শিক্ষার্থীদের হাতে ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততার মাধ্যমে বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সবুজায়ন কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
চারা বিতরণ শেষে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মদন উপজেলা পরিষদ চত্বরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মধ্য দিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।














