গংগাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নে গভীর রাতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও মোটরসাইকেল জব্দ; গ্রেপ্তার দুই ব্যক্তি।
রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

রংপুর | ২৫ আগস্ট ২০২৬ : রংপুর জেলার গংগাচড়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন ও একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—কমল চন্দ্র রায় (২৮) ও মাহবুব হোসেন (৩২)। তাদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় রংপুর জেলা ডিবির একটি দল গংগাচড়া মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নিরস্ত্র) ভূষণ চন্দ্র বর্মন, এসআই (নিরস্ত্র) আমিনুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. সফিকুল গনি।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে গংগাচড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজার মহীপুর ব্রিজের উত্তর পাশে একটি হোটেলের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, ডিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই তাদের আটক করা হয়।
তাদের দেখানো ও হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া একটি স্মার্ট মোবাইল ফোন এবং একটি নীল রঙের অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার কমল চন্দ্র রায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্যম কাদমা এলাকার রনজিত চন্দ্র রায়ের ছেলে। অপর গ্রেপ্তার মাহবুব হোসেন একই উপজেলার উত্তর জাওরানী এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে।
পরে গ্রেপ্তার দুই ব্যক্তিকে জব্দ করা আলামতসহ গংগাচড়া মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।














