ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় ভোরে দুর্ঘটনা; ট্রাকচালকের ছোট ভাই মামুন গুরুতর আহত
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, প্রাণ গেল চালকের
- আপডেট সময় : ০৭:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেওয়ার ঘটনায় মো. হুমায়ুন (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ও ট্রাকের সহকারী মামুন (১৮) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে নান্দাইল উপজেলার আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হুমায়ুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, (২২ আগস্ট) বিকেলে শেরপুরের শ্রীবরদী থেকে একটি ট্রাকে ৪০০ বস্তা চাল বোঝাই করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন হুমায়ুন ও তাঁর ছোট ভাই মামুন।
পথে রোববার ভোরে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি সেতুর রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক হুমায়ুন কেবিনের ভেতরে আটকা পড়েন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। তাঁর ছোট ভাই মামুন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুই ভাই হুমায়ুন ও মামুন যৌথভাবে ট্রাকটি কিনেছিলেন। কিস্তি ও জমানো টাকা দিয়ে কেনা ওই ট্রাকের আয় দিয়েই তাঁদের সংসার চলত।
ট্রাকচালকের পাশাপাশি হুমায়ুনের ছোট ভাই মামুন সহকারী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় পরিবারের বড় ছেলে ও উপার্জনের প্রধান মাধ্যম হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চালক হুমায়ুনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।














