ইসলামী মূল্যবোধ, ন্যায়-ইনসাফ ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
কাহারোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান
- আপডেট সময় : ০৯:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

দিনাজপুর, কাহারোল | ২৪ আগস্ট ২০২৬ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) কাহারোল উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আনিসুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। ইসলামী মূল্যবোধ ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো, সমাজ থেকে অন্যায়-অবিচার ও দুর্নীতি দূর করা এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং জামায়াতে ইসলামী মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাকিরুল ইসলাম। তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবেও পরিচিত।
বিশেষ অতিথির বক্তব্যে মো. জাকিরুল ইসলাম বলেন, দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা সবার নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে হবে। কাহারোলকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তরিকুল ইসলাম।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করার বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।














