৭ আগস্ট রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি; দ্রুত সন্ধান ও রহস্য উদঘাটনের দাবি পরিবারের
পাবনার ফরিদপুরে নিখোঁজ মানিক সরকারের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১০:০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফরিদপুর, পাবনা | ২৩ আগস্ট ২০২৬ : পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের রুলদহ গ্রামের হাজী আরশের আলী সরকারের ছেলে মানিক সরকার নিখোঁজ হওয়ার ঘটনায় তার সন্ধান এবং নিখোঁজের রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।
রোববার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবে নিখোঁজ মানিক সরকারের পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, মানিক সরকারের স্ত্রী, তিন শিশু সন্তান, বৃদ্ধ পিতা, পাঁচ ভাই এবং আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ আগস্ট ২০২৬ শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন পাওয়ার পর মানিক সরকার প্যান্ট ও টি-শার্ট পরিহিত অবস্থায় হাতে একটি টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মানিক সরকারের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ৪৭০। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে। তবে এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তারা।
সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, মানিক সরকারের তিনটি শিশু সন্তান, স্ত্রী ও বৃদ্ধ পিতা তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র আপনজনের সন্ধান না পাওয়ায় তারা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মানিক সরকারের সন্ধান এবং তার নিখোঁজ হওয়ার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মানিক সরকারের সন্ধানে গণমাধ্যম, স্থানীয় জনগণ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে স্বজনরা বলেন, “মানিক সরকারকে দ্রুত খুঁজে বের করুন, সত্য উদঘাটন হোক, পরিবার ফিরে পাক তাদের আপনজনকে।”
এনামুল হক | ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি














