বুড়িচংয়ের ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন Yamaha R15 ও MT15 মোটরসাইকেল উদ্ধার করেছে কুমিল্লা জেলা ডিবি
সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে চোরাচালান চক্রের ৯ সদস্য
- আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা | ২২ আগস্ট ২০২৬: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ছয়টি অবৈধ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার কাটা জঙ্গল এলাকায় সিলেট-কুমিল্লা মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। এর পরিপ্রেক্ষিতে ডিবির একটি বিশেষ দল ময়নামতি এলাকার বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ঘটনাস্থলে পৌঁছালে ডিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে নয়জনকেই আটক করেন।
পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই করা হয়। এ সময় তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে ডিবি।
ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। কুমিল্লা, ফেনী ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলগুলো নেওয়া হচ্ছিল বলেও তারা জানিয়েছেন বলে দাবি পুলিশের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কচুয়ারপাড় গ্রামের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালি থানার শাহী ঈদগাহ এলাকার আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদর এলাকার সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদ থানার নলকট গ্রামের পাবেল আহম্মদ (২৬), একই থানার নীলগাঁও গ্রামের হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাই থানার দিরাই চান্দপুর গ্রামের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালি থানার চারাদিঘীরপার এলাকার রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতক থানার তাতিকোনা গ্রামের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাট থানার সালুটিঘর গ্রামের কাওছার হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ছয়টি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি Yamaha R15 এবং দুটি Yamaha MT15। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে নীল-সাদা, সাদা, কালো ও নীল রঙের R15 এবং কালো রঙের দুটি MT15 রয়েছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে ভারতীয় মোটরসাইকেল দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














