চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান
- আপডেট সময় : ০৫:১৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, ১৮ আগস্ট ২০২৬: সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের পক্ষ থেকে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৮২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক সড়ক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে মোটরসাইকেল চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জেলা প্রশাসক আরও বলেন, দক্ষ চালকের অভাব এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী—উভয় পক্ষের সচেতনতা এবং চালকদের দক্ষতা বাড়ানো জরুরি।
উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, যাত্রী ও পথচারী সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিআরটিএর পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও আর্থিক স্বস্তি ও সহায়তা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।














