সদর থানার সরোজগঞ্জ ও শম্ভুনগর পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে গ্রেপ্তার; সামারি ট্রায়ালে একজনের ৬ মাস ও অপরজনের ১ বছরের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় ১০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, আদালতে সাজা
- আপডেট সময় : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, ১৫ আগস্ট ২০২৬: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৩ আগস্ট ২০২৬ রাতে সদর থানার সরোজগঞ্জ ও শম্ভুনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন বসু ভান্ডারদহ গ্রামের মুকুল চাঁদের চায়ের দোকানের সামনে সরোজগঞ্জ-বসু ভান্ডারদহ পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ দুলোক চাঁদ (৪২)-কে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি বসু ভান্ডারদহ গ্রামের মৃত আজিজুল হক মন্ডলের ছেলে।
অন্যদিকে, শম্ভুনগর স্কুলপাড়া এলাকায় মোঃ সামাদ আলীর বসতবাড়ি সংলগ্ন সাহেবনগর থেকে দত্তাইলগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মোঃ জহিরুল ইসলাম (২৪)-কে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি আলিয়ারপুর (দশমাইল) এলাকার মোঃ আফিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
পরে সামারি ট্রায়ালের মাধ্যমে দুলোক চাঁদকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর আসামি জহিরুল ইসলামকে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।














