দ্রুত গরু মোটাতাজা করার আশায় তিনটি বাছুরকে ইউরিয়া সার খাওয়ানোর পর একটি মারা গেছে, অসুস্থ হয়েছে আরও দুটি।
ইউরিয়া সার খেয়ে গরুর মৃত্যু, পাঁচবিবিতে খামারির সর্বনাশ
- আপডেট সময় : ০৭:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

পাঁচবিবি,জয়পুরহাট | ১২ আগস্ট ২০২৬: অতিরিক্ত লাভের আশায় গরুকে ইউরিয়া সার খাওয়ানোর পর জয়পুরহাটের পাঁচবিবিতে একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ দুটি গরুর মধ্যে একটি জবাই করা হয়েছে এবং অপরটিকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর মণ্ডলপাড়া গ্রামের জাহিদ হাসানের খামারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গরু মোটাতাজা করার উদ্দেশ্যে খামারি জাহিদ হাসান তার খামারে পালন করা তিনটি বাছুরকে ইউরিয়া সার খাওয়ান। ইউরিয়া সার খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই একটি গরুর মৃত্যু হয়।
অবশিষ্ট দুটি গরুর অবস্থাও গুরুতর হলে একটি গরু জবাই করা হয়। অপর গরুটিকে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হলে সেটি সুস্থ হয়ে ওঠে।
স্থানীয় ইউপি সদস্য মো. মিরাজুল ইসলাম বলেন, “বেশি লোভ করলে যা হয়, তাই হয়েছে।”
পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী বলেন, অসুস্থ পশুর মাংস মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে। অসুস্থ গরু জবাই করা ঠিক হয়নি। গরু মোটাতাজাকরণের জন্য ইউরিয়া সার খাওয়ালে পশুর মৃত্যুঝুঁকি তৈরি হয় এবং এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।
তিনি খামারিদের এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি পরিহার করে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের আহ্বান জানান।














