র্যালি, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে দিবসটি পালন
রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত, বিভিন্ন দাবিতে স্মারকলিপি
- আপডেট সময় : ০৯:০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ৯ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্মারকলিপি প্রদান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা চেয়ারম্যান সিংরাই সরেন মানিক।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমের সামনে এসে শেষ হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, আল মুনতাসির মিঠু বিশ্বাস এবং জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র নাথ রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা (থ্রাইভ) রাণীশংকৈল ক্লাস্টারের আরফিনা আক্তার, কবিরাজ মরমু, সুজন মরমু, জোসেফ, ইএসডিও ও সিডিএর প্রতিনিধিসহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, জীবনমানের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, ভূমি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন দাবি ও সমস্যার কথা উল্লেখ করে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পরে রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী মাঠে আদিবাসী সম্প্রদায়ের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবসের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে জনসচেতনতা তৈরি হয়। একই সঙ্গে তাদের দাবি ও প্রত্যাশাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।














