জেলা পরিষদের অর্থায়নে ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকার প্রকল্প; উন্নত হবে রেল স্টেশন-সংলগ্ন যোগাযোগ ব্যবস্থা।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন (কলাপট্টি) সড়ক নির্মাণকাজের উদ্বোধন, দূর হবে দীর্ঘদিনের জনভোগান্তি
- আপডেট সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ৩ আগস্ট ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদয়ন মোড় (আলাউদ্দিন হোটেল) থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের ইউনিব্লক নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির উন্নয়ন বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ময়েজ উদ্দিন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকা। প্রকল্পের আওতায় উদয়ন মোড় থেকে রেল স্টেশন (কলাপট্টি) পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী থাকায় প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। নতুন ইউনিব্লক সড়ক নির্মাণ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং যাতায়াত হবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প স্থানীয় অর্থনীতি ও নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














