দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে আরডিআরএসের ভূমিকায় সন্তোষ; গাড়ি উপহারের প্রতিশ্রুতি, উদ্বোধন করলেন সান্ধ্যকালীন চক্ষু চিকিৎসাসেবা।
লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্র ও আই কেয়ার সেন্টার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
- আপডেট সময় : ১১:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট | ১ আগস্ট ২০২৬: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি শনিবার (১ আগস্ট) লালমনিরহাটে আরডিআরএস বাংলাদেশ পরিচালিত পুনর্বাসন কেন্দ্র এবং আরডিআরএস আই কেয়ার সেন্টার পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠান দুটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনের শুরুতে পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা ফুল দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। পরে তিনি শিশুদের শ্রেণিকক্ষ পরিদর্শন করে ব্রেইল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কয়েকজন শিক্ষার্থী ব্রেইল লিপিতে তাঁর নাম লিখে প্রদর্শন করলে তিনি আবেগাপ্লুত হন। এ সময় শিশুদের মেধা, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
মন্ত্রী পুনর্বাসন কেন্দ্রের সাংস্কৃতিক অনুশীলন কার্যক্রম ও শিক্ষার্থীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন। দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি শতরঞ্জি উৎপাদনকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে তিনি আরডিআরএস আই কেয়ার সেন্টার পরিদর্শন করে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রী আই কেয়ার সেন্টারের সান্ধ্যকালীন চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর আই কেয়ার সেন্টার প্রাঙ্গণে প্রদর্শিত কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাসে আরডিআরএস বাংলাদেশের উদ্ভাবিত বিশেষ মডেল ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং এর কার্যকারিতা সম্পর্কে অবহিত হন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি আই কেয়ার সেন্টার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
পরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে আরডিআরএস বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিশুদের যাতায়াতের সুবিধার্থে একটি গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরূজ্জামান। উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে আরডিআরএস বাংলাদেশের পক্ষ থেকে নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরূজ্জামান মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, আরডিআরএস বাংলাদেশের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং কমিউনিটি-ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।














