ভেলাবাদ মিনি স্টেডিয়ামে চোকিঘাটা বংখরী প্রগতি সম্মিলনী ও ঘোষাল আদর্শ যুব সংঘের অংশগ্রহণে জমজমাট আয়োজন
হরিরামপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত, মাদকবিরোধী বার্তায় উৎসবমুখর আয়োজন
- আপডেট সময় : ১১:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ১ আগস্ট ২০২৬: “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ভেলাবাদ মিনি স্টেডিয়ামে হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে নারী দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি সবার নজর কাড়ে।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন লিটন। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামিম আহমেদ। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চোকিঘাটা বংখরী প্রগতি সম্মিলনী এবং ঘোষাল আদর্শ যুব সংঘ অংশগ্রহণ করে। দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্যে দর্শকরা উপভোগ করেন একটি আকর্ষণীয় ম্যাচ।
স্থানীয় আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।














