ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতির বার্তা; সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নে ৩ লাখ টাকার সরকারি বরাদ্দ
ঠাকুরগাঁওয়ের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়ন কাজের শুভ সূচনা,৩ লাখ টাকা বরাদ্দ
- আপডেট সময় : ১০:৪৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজিপুর ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সিন্দাগড় দুর্গা মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থের মাধ্যমে মন্দিরের প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে সম্পৃক্ত হয়ে এলাকার অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ নম্বর হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা মন্দিরের উন্নয়নের জন্য সরকারি অর্থ বরাদ্দকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত পরিবেশ আরও উন্নত হবে এবং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।














