বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনে বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ; সম্মেলন শেষে তৃণমূলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিল্লাল হোসেন
নান্দাইলে চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল, নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন
- আপডেট সময় : ০৮:৫৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নান্দাইল, ময়মনসিংহ | ৩০ জুলাই ২০২৬ :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ নম্বর চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) বিকেলে বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সম্মেলনে নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এবং চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি বড় ও সুশৃঙ্খল মিছিল অংশগ্রহণ করে। উপস্থিত নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও পায়ে জটিল সমস্যায় ভুগলেও বিল্লাল হোসেন সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সম্মেলনে বিশেষ মাত্রা যোগ করে।
কর্মী সম্মেলন শেষে বিল্লাল হোসেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “আপনাদের সার্বিক সহযোগিতায় এ কর্মী সম্মেলন সফল হয়েছে। আমাদের এই সম্মেলন দেখে নেতা ইয়াসের খান চৌধুরী এমপি ও প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের সামনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি সুন্দরভাবে বিবেচনা করে ইউনিয়ন আহ্বায়ক পদ দেবেন বলে আশা প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমার নেতা আমাকে আহ্বায়ক পদ দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”
সম্মেলনে অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ত করে এমন আয়োজন দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে। তাঁদের মতে, কর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, চন্ডীপাশা ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্ধারণ করা হবে।














