কুলাউড়ার চৌধুরী বাজারে অভিযান; ২৪ বস্তা সরকারি ট্যাগযুক্ত বীজ জব্দ, ডিলারের গুদাম পরিদর্শনের নির্দেশ
কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে বিক্রি, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড
- আপডেট সময় : ০৩:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে জামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামাল মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি কুলাউড়া পৌরসভার বাসিন্দা এবং মৃত ঈমান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জামাল মিয়াকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ জব্দ করা হয়েছে। জব্দ করা বীজ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে প্রশাসন জানতে পারে, আটক জামাল মিয়া স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়া পরিচালিত নিজাম ট্রেডার্স থেকে এসব বীজ সংগ্রহ করেছিলেন। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি ভর্তুকিপ্রাপ্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত বা সরকারি ট্যাগযুক্ত কৃষি উপকরণ কোনোভাবেই অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে না।
তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এ অভিযানে সরকারি ট্যাগযুক্ত বীজের অবৈধ বাজারজাতকরণ রোধ এবং কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।














