দুটি পৃথক অভিযানে মাদক উদ্ধার, পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ; ডাকাতি মামলার তিনজন ও দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট সাতজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৪৬২০ পিস ইয়াবা ও ৭.৫ কেজি গাঁজা উদ্ধার, ডাকাতিসহ ৭ আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

কুমিল্লা | ৩০ জুলাই ২০২৬: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা, সাড়ে ৭ কেজি গাঁজা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক, ডাকাতি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে মাদক উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে এসআই রিজোয়ানুল ইসলাম মেঘনা-গোমতী সেতুর নতুন টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯৪০ পিস ইয়াবা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া মাদক ও যানবাহনের মালিক শনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
একই দিন ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি—জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরিফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাবিব (৩৮) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোছা. পরুশাকে গ্রেপ্তার করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের দাবি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার ফলে দাউদকান্দি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।














