মন্ত্রীকে প্রবাসী কল্যাণ সেন্টারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও RAISE প্রকল্পের অগ্রগতি তুলে ধরলেন কর্মকর্তারা
প্রবাসী কল্যাণ সেন্টারের সেবামূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আপডেট সময় : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হতে প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও শহরে মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল সেন্টারের চলমান কার্যক্রম, সেবার পরিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎকালে তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতাধীন প্রবাসী কল্যাণ সেন্টার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য বিভিন্ন কল্যাণমূলক সেবা প্রদান করে আসছে। এসব সেবার মধ্যে রয়েছে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সন্তানদের ভাতা, বিদেশে আহত, অসুস্থ ও আটক কর্মীদের দেশে প্রত্যাবর্তনে সহায়তা, চিকিৎসা ও বীমা সুবিধা, বিদেশে মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দেশে আনা এবং দাফন কার্যক্রমে সহযোগিতা।
এছাড়া নিহত বা ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের পরিবারের জন্য আর্থিক অনুদান, ক্ষতিপূরণ, জীবনবীমার অর্থ, বকেয়া বেতন এবং অন্যান্য সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তার বিষয়ও মন্ত্রীকে অবহিত করা হয়।
সাক্ষাতে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবায়নাধীন RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের বিভিন্ন কার্যক্রমও উপস্থাপন করা হয়। প্রকল্পের আওতায় বিদেশফেরত কর্মীদের নিবন্ধন, কাউন্সেলিং, দক্ষতা সনদায়ন (RPL), কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে রেফারেল, ঋণপ্রাপ্তিতে সহায়তা, নগদ প্রণোদনা এবং পুনঃএকত্রীকরণমূলক বিভিন্ন সেবার বিষয় তুলে ধরা হয়।
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবাসী কল্যাণ সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রবাসী কল্যাণ সেন্টার, ঠাকুরগাঁও-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়সালের সঙ্গে স্টাফ সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।














