জালে আটকা পড়া অজগর উদ্ধার হলেও স্থানীয়দের বাধার অভিযোগে নিরাপদ স্থানে নেওয়া সম্ভব হয়নি; প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।
উলিপুরে জালে আটকা অজগর উদ্ধার, পথরোধের অভিযোগে থমকে গেল অভিযান
- আপডেট সময় : ১১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কিশামত ফুলবাড়ি গ্রামে জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছে বন্যপ্রাণী উদ্ধারকারী দল। স্থানীয় কয়েকজনের বাধা ও অর্থ দাবির অভিযোগের কারণে উদ্ধারকৃত অজগরটি ঘটনাস্থলেই রেখে ফিরে আসতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটির একটি এলাকায় জালে আটকে থাকা অজগর সাপ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি Wildlife Rescue Society of Bangladesh (WRSTBD)-কে অবহিত করেন। খবর পেয়ে সংগঠনের পরিচালক মোহাম্মাদ শাহজাহানের নির্দেশনায় কুড়িগ্রাম প্রতিনিধি নাইম ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় অজগরটি সফলভাবে উদ্ধার করা হয়।
উদ্ধার শেষে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উদ্ধারকারী দলের পথরোধ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তারা অর্থ দাবি করেন। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়লে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগের কর্মকর্তা ও WRSTBD-এর প্রতিনিধি অজগরটি ঘটনাস্থলেই রেখে ফিরে যেতে বাধ্য হন।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবেশবাদীদের মতে, বন্যপ্রাণী উদ্ধারে নিয়োজিত সংস্থাগুলো যদি এ ধরনের বাধার মুখে পড়ে, তবে ভবিষ্যতে বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে দ্রুত অজগরটি উদ্ধার করে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হোক। পাশাপাশি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করে যাতে প্রাণীটি চোরাকারবারি বা অবৈধ বেচাকেনার শিকার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।














