পিজিসিবির সঞ্চালন লাইন উন্নয়ন প্রকল্পের কারণে নেসকো ও পল্লী বিদ্যুতের গ্রাহকদের পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং
কুড়িগ্রামে ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে লোডশেডিং, সঞ্চালন লাইন উন্নয়ন কাজে বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন
- আপডেট সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম | ২৭ জুলাই ২০২৬: কুড়িগ্রাম জেলায় আগামী ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সঞ্চালন লাইন উন্নয়ন কাজের কারণে পর্যায়ক্রমে লোডশেডিংয়ের মুখোমুখি হবেন জেলার বিদ্যুৎ গ্রাহকরা। এ সময় পুরোপুরি বিদ্যুৎ সংযোগ বন্ধ না থাকলেও বিভিন্ন এলাকায় পালাক্রমে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB)।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “Power Grid Network Strengthening Project under PGCB (G2G)” প্রকল্পের আওতায় নির্মাণাধীন রংপুর ২৩০/১৩২ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র এলাকায় উন্নয়ন কাজ পরিচালনার জন্য রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি, রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি এবং রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সার্কিট-০১ সঞ্চালন লাইনে নির্ধারিত সময়ের জন্য শাটডাউন কার্যক্রম পরিচালিত হবে।
এর প্রভাব পড়বে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি-এর আওতাধীন কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। উন্নয়ন কাজ চলাকালে সংশ্লিষ্ট ৩৩ কেভি ফিডার থেকে পর্যায়ক্রমে আংশিক লোডশেডিং দেওয়া হবে।
নেসকোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, উন্নয়ন কাজের সময় সম্পূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে না। বিকল্প ব্যবস্থার মাধ্যমে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করা হবে। তবে নেসকো এবং পল্লী বিদ্যুতের উভয় গ্রাহকই কিছু সময়ের জন্য লোডশেডিংয়ের আওতায় আসতে পারেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ৫ আগস্টের পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়েছে।














