দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারী জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবি
হরিরামপুরে চায়না দুয়ারী জাল বন্ধের দাবিতে মানববন্ধন, প্রশাসনের কাছে স্মারকলিপি
- আপডেট সময় : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ২৭ জুলাই ২০২৬: “জলজ প্রাণী রক্ষা করি, প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ করি—চায়না দুয়ারী বন্ধ করি” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মার পাড়ে স্থানীয় জাতের মাছ ও জলজপ্রাণী রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশন-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী, কৃষক, শিক্ষার্থী, সাংবাদিক, যুব সংগঠনের সদস্য, মাঝি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান-এর সঞ্চালনায় এবং পান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সদস্য সোলায়মান হোসেন, নারী সংগঠনের নেত্রী সালমা বেগম, মৎস্যজীবী কাওছার হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার মো. মুকতার হোসেন এবং ময়নুল হক।
বক্তারা বলেন, চায়না দুয়ারী জাল শুধু মাছ ধরার উপকরণ নয়, এটি মাছ ও অন্যান্য জলজপ্রাণীর জন্য একটি “মরণফাঁদ”। এই জালে ছোট-বড় মাছ, পোনা, ব্যাঙ, কুঁচিয়া, গুইসাপ, কাঁকড়া, শামুকসহ বিভিন্ন জলজপ্রাণী আটকা পড়ে এবং বের হওয়ার সুযোগ পায় না। এর ফলে দেশীয় মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে বলে তারা দাবি করেন।
বক্তাদের মতে, সূক্ষ্ম ফাঁসের কারণে মাছের ডিম ও পোনা মাছও এই জালে আটকা পড়ে। এতে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে দেশীয় মাছের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি খাদ্যশৃঙ্খল ও খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধন থেকে বক্তারা বিলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় মাছ ও জলজপ্রাণী সংরক্ষণে চায়না দুয়ারী জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মৎস্য কর্মকর্তা এবং হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।














