খাড়িতে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী, হাসপাতালে মৃত ঘোষণা
নওগাঁর বদলগাছীতে খাড়িতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কার্তিকাহার গ্রামের মো. শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী নুর ইসলাম (২২)। নুর ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দম্পতি কার্তিকাহার এলাকার একটি খাড়িতে গোসল করতে যান। প্রথমে নুর ইসলাম পানিতে ঝাঁপ দেন। কিছুক্ষণ পরও তাকে ভেসে উঠতে না দেখে স্ত্রী সুমাইয়া আক্তার উদ্বিগ্ন হয়ে তাকেও উদ্ধারের উদ্দেশ্যে পানিতে ঝাঁপ দেন। কিন্তু সেও পানির নিচে তলিয়ে যান।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে পানির নিচ থেকে তুলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, মরদেহ দুটি বর্তমানে হাসপাতালের মর্গে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনরা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং বর্ষা মৌসুমে খাড়ি, পুকুর ও জলাশয়ে গোসলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।














