স্থানীয় মাছ ও জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি।
মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন, জলজ প্রাণবৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান
- আপডেট সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

‘জলজ প্রাণী রক্ষা করি, প্রকৃতিকে সমৃদ্ধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয় জাতের মাছ ও জলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণের দাবিতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার কাস্তা-বরুন্ডি খেয়াঘাট এলাকায় কালীগঙ্গা নদীর তীরে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)-এর সহযোগিতায় গ্রিন কোয়ালিশন এ মানববন্ধনের আয়োজন করে।
সিংগাইর উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য ফজলুল হক-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য ও এএলসি কৃষক স্বপন কুমার, বলধারা ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সদস্য ও সামাজিক ব্যক্তিত্ব মো. আউলাদ হোসেন, আব্দুল হালিম, কাস্তা বারোয়ারি কৃষক সংগঠনের সভাপতি ভানুরায়, সহসভাপতি লিপিকা মন্ডল, যুব প্রতিনিধি মেহেদি হাসান, কৃষক সংগঠনের সদস্য তাছলিমা আক্তার, আব্দুল খালেক, কার্তিক সরকার ও আনছার আলী। এছাড়া উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস ও হুমায়ূন কবির।
বক্তারা বলেন, একসময় নদী-নালা, খাল-বিল ও মুক্ত জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট, অপরিকল্পিত উন্নয়ন এবং কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহারে মাছের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হচ্ছে। ফলে স্থানীয় জাতের মাছ দিন দিন বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে।
তারা আরও বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে শুধু মাছ নয়, ডিমওয়ালা মাছ, শামুক, ঝিনুক, ব্যাঙ, কাঁকড়া, সাপ, কুচিয়াসহ অসংখ্য জলজ প্রাণী নির্বিচারে মারা যাচ্ছে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
বক্তারা জানান, নদী, খাল, বিল ও মুক্ত জলাশয় দেশীয় মাছের প্রজননের অন্যতম প্রধান ক্ষেত্র। এসব জলাশয় সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা গেলে স্থানীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক জেলেদের জীবিকা সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মানিকগঞ্জ জেলা প্রশাসকের কাছে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, অবৈধ ও ক্ষতিকর মাছ ধরার জাল ব্যবহার নিয়ন্ত্রণ করা গেলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।














