উৎপাদন ব্যয়ের তুলনায় ডিম ও মুরগির দাম কম, লোকসানে ক্ষুদ্র খামারিরা; দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি
নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের প্রতিবাদ, ন্যায্যমূল্য ও খাদ্যের দাম কমানোর দাবি
- আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে পোল্ট্রি খামারিদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত, পোল্ট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির একপর্যায়ে খামারিরা মহাসড়কে ডিম ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোল্ট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোল্ট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘পোল্ট্রি খামার বাঁচাও, পোল্ট্রি ব্যবসায়ী বাঁচাও’, ‘পোল্ট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি বন্ধ কর’, ‘করপোরেট কোম্পানির ডিম উৎপাদন বন্ধ করো, খামারিদের রক্ষা করো’সহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে তারা নিজেদের উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।
প্রতিবাদে অংশ নেওয়া খামারিরা বলেন, পোল্ট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও পশু-চিকিৎসা সামগ্রীর দাম ধারাবাহিকভাবে বেড়েছে। কিন্তু উৎপাদিত ডিম ও ব্রয়লার মুরগির বাজারমূল্য উৎপাদন ব্যয়ের তুলনায় অনেক কম থাকায় তারা চরম লোকসানের মুখে পড়েছেন। এতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।
খামারিদের অভিযোগ, মধ্যস্বত্বভোগী, বাজার সিন্ডিকেট এবং বড় করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবের কারণে প্রকৃত উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি এবং উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহ-সভাপতি মো. ওসমান মিয়া, সহ-সভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, শিবপুর উপজেলা পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া এবং পোল্ট্রি ব্যবসায়ী রাসেল মুন্সিসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস পোল্ট্রি শিল্প বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। খামারিদের স্বার্থ রক্ষায় সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সারা দেশের পোল্ট্রি খামারিদের নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
























