মানিকগঞ্জের হরিরামপুরে নতুন কার্যালয় উদ্বোধন; সংগঠনকে তৃণমূলে আরও শক্তিশালী করার অঙ্গীকার নেতাদের
হরিরামপুর উপজেলা যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয়
- আপডেট সময় : ০৬:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) উপজেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদাত মো. শাহিন (মোল্লা শাহিন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা এবং সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, নতুন কার্যালয় উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় এ কার্যালয় কার্যকর ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং দলের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।














